হুতিবিরোধী অভিযানের শুরুতেই বড় সাফল্য দাবি ইয়েমেনি বাহিনীর
হুতিদের দখলে থাকা সব এলাকা পুনর্দখলে নতুন সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। অভিযান শুরুর পরই তারা বড় সাফল্যের দাবি করেছে।
আজ সোমবার সরকারি বাহিনী জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালির উপকূলবর্তী একটি এলাকা হুতি বিদ্রোহীদের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ ও হরমুজ প্রণালির অন্যতম বিকল্প হিসেবে বিবেচিত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুনরুদ্ধার করা ধুবাব জেলা থেকে বাব আল-মান্দাব প্রণালির ওপর নজর রাখা বেশ সুবিধাজনক।
সাম্প্রতিক সময়ে ঝটিকা অভিযান চালিয়ে ইয়েমেনের লোহিত সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলো দখলে নেয় হুতি বিদ্রোহীরা। তাদের হটাতে এবং অগ্রযাত্রা থামাতে গতকাল রোববার থেকে এই বড় সামরিক অভিযান শুরু হয়। সৌদি জোট বিমান হামলার মাধ্যমে ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করছে।
ইরান-সমর্থিত হুতিদের বাব আল-মান্দেব থেকে হটিয়ে দেওয়াই এই অভিযানের অন্যতম লক্ষ্য।
অভিযানের বিষয়ে ইয়েমেনের সহকারী প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সামির আল-সাবরি আজ আল–জাজিরাকে বলেন, ‘সামরিক অভিযানের প্রথম ধাপে বাব আল-মান্দেব প্রণালি ও বন্দরনগরী মোখায় গুরুত্ব দেওয়া হবে। আমরা সমন্বিত পাল্টা হামলা শুরু করেছি।’
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী হুতিদের পরাজিত করার ক্ষেত্রে ‘সঠিক পথে’ রয়েছে।
‘ইয়েমেনের সব প্রদেশে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আশা করছি, অদূর ভবিষ্যতে হুতিদের দখলমুক্ত করার এই অভিযান সহজেই এগিয়ে যাবে,’ যোগ করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সেনাবাহিনী হুতিদের একই সময়ে একাধিক ফ্রন্টে লড়াই করতে বাধ্য করার চেষ্টা করছে। হুতিরা যাতে কোনো একটি এলাকায় নিজেদের শক্তি কেন্দ্রীভূত করে লোহিত সাগর উপকূলের হারানো এলাকা পুনর্দখলের চেষ্টা করতে না পারে, তা নিশ্চিত করতেই এই কৌশল নেওয়া হয়েছে।

