নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৫

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার ঘরে জমা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের তিন শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। আজ ভোরে উত্তর ভূইগড় গিরিধারা এলাকার আটতলা একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দগ্ধরা ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

দগ্ধরা হলেন গৃহকর্তা মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।

ডা. শাওন জানান, মো. কালামের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে মুন্নির ৩৫ শতাংশ ও কথার ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সঙ্গে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বদ্ধ ঘরে গ্যাস জমে যায়। পরে ভাড়াটিয়া লাইটার জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে।’

আহতদের হাসপাতালে নেওয়া প্রতিবেশী রাকিব বলেন, ‘ভোরে সবাই তখন ঘুমাচ্ছিলেন। এসময় কালাম উঠে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর চেষ্টা করেন। এতে বিকট শব্দে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়।’