ধামরাইয়ে অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ধামরাই থানার উপপরিদর্শক মো. ইলিয়াস হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—আখি আক্তার (৩০), তার ভাগনে জাকারিয়া (১২) ও অটোরিকশা চালক জুয়েল (৪০)।

উপপরিদর্শক ইলিয়াস বলেন, 'মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।'

তিনি আরও বলেন, 'দুই শিশুসহ এক পরিবারের ৫ জন সিএনজিতে মইনুল ঘাট বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত আঁখি আক্তার ও জাকারিয়া সম্পর্কে খালা ও ভাগনে।'

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও ২ যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।