'নিখোঁজের' এক দিন পর লাকসাম থেকে শিবির নেতা জিসান উদ্ধার
কুমিল্লার দাউদকান্দি থেকে 'নিখোঁজ' হওয়ার এক দিন পর লাকসাম থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদকে উদ্ধার করা হয়েছে।
জিসান আহমেদ কুমিল্লা (পশ্চিম) জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন নাহার লায়লী বলেন, শুক্রবার রাত ১০টার দিকে লাকসাম জংশনসংলগ্ন একটি মাঠে জিসানকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন।
ওই ওসি আরও জানান, জিসানকে প্রথমে লাকসামের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে জিসানের বড় ভাই রাসেল আহমেদ রাফি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানান যে তার ভাই নিখোঁজ। তার দাবি ছিল, গত বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ পড়ার পর থেকে জিসানের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে জিসান সর্বশেষ হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিলেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ কারণে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। স্বজন ও পরিচিতজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
জিসান নিখোঁজ হওয়ার পর উদ্বেগ জানিয়ে গতকাল বিকেলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।
সেখানে তিনি লেখেন, ‘গতকাল রাতে (১১ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। ১৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? অতি দ্রুত তাকে উদ্ধার করে তার আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’