লালমনিরহাটে মাদক চোরাকারবারিদের হামলায় ২ পুলিশ আহত
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক চোরাকারবারিদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ২ পুলিশ কর্মকর্তা হলেন—হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ। গুরুতর আহত এসআই রুহুল আমিনকে রংপুরে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, 'গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদকে গ্রেপ্তার করতে এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ অভিযান চালান। এসময় রাশেদ ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।'
হামলায় এসআই রুহুল আমিন মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
স্থানীয়দের সহায়তায় আহত ২ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসআই রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। রাশেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, 'গুরুতর আহত এসআই রুহুল আমিনের অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।'