চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা হাসপাতাল থেকে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

চট্টগ্রামে হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হাসান (৩৮) সংগঠনটির হাটহাজারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, সন্তানের জন্মের পর হাসান ওষুধ কিনতে নিচে যান। তখনই ডিবি পরিচয় দেওয়া কয়েকজন তাকে তুলে নিয়ে যান। তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।

তারা জানান, জন্মের পর নবজাতককে এনআইসিইউতে নেওয়া হয় এবং আগে থেকেই হৃদরোগের সমস্যা থাকায় মাকে নেওয়া হয় সিসিইউতে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজে  হাসপাতাল থেকে হাসানকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়।

পার্কভিউ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবীর বলেন, আমাদের নিরাপত্তারক্ষীরা পরিচয় জানতে চাইলে তারা ডিবির পরিচয়পত্র দেখান। আমরা জানি না কেন তাকে ধরে নেওয়া হয়েছে... তার স্ত্রী সকালে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, সোমবার রাতে হাসানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে।