ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: সেই চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়া গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই চিকিৎসক একটি জিডি করেছেন। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।
জিডিতে বলা হয়, উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন ডা. সায়মা আক্তার। গত ৩০ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে ১১ বছরের একটি শিশু তার কাছে আসে। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন, সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে জানতে চাইলে শিশুটি জানায়, মাদ্রাসাশিক্ষক তাকে ধর্ষণ করেছে।
এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে চিকিৎসক হিসেবে ডা. সায়মা গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য দেন। তার বক্তব্য টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তিনি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হত্যা ও সংঘবদ্ধ ধর্ষণের হুমকি পাচ্ছেন।
এদিকে নিজের ফেসবুক আইডিতে লাইভে ডা. সায়মা আক্তার প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন।