যমুনা সেতুতে ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক
যমুনা সেতুর উত্তর লেনে সড়ক দুর্ঘটনার কারণে ৩০ মিনিট বন্ধ ছিল যান চলাচল। সকাল ৯টার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
আজ মঙ্গলবার সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ৭ নম্বর পিলারের কাছে তিনটি বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের খবর না পাওয়া গেলেও দুর্ঘটনার পরপরই সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরীফ বলেন, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেতু কর্তৃপক্ষ কাজ করেছে। ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। এখন কোনো যানজট নেই।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। আটকে পড়া যানবাহন সরাতে রেকার পাঠানো হয়।
তিনি বলেন, সেতুর ওপর বেশ কিছু যানবাহন আটকা পড়েছিল। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এদিকে দুর্ঘটনার পর সেতুর পূর্ব প্রান্তের টাঙ্গাইল অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়েছিল। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়তে হয় ঈদ উপলক্ষে ঘরে ফেরা হাজারো যাত্রীদের।
প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈদকে কেন্দ্র করে সেই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। অতিরিক্ত চাপের কারণে সামান্য দুর্ঘটনাতেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার একদিনেই ৫৩ হাজারের বেশি যানবাহন যমুনা সেতু পারাপার করেছে।