মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির অভিযোগে বিএমডব্লিউ গাড়ি জব্দ
মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে আমদানি করার অভিযোগে চট্টগ্রামে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরীর রহমতগঞ্জ এলাকার সাত্তার মঞ্জিল থেকে গাড়িটি জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ দ্য ডেইলি স্টারকে জানান, মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি দেশে আনা হয়েছিল।
এক সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি দল অভিযান চালিয়ে চট্ট মেট্রো-গ ১১-৩৬৫১ নম্বরের গাড়িটি আটক করে।
কাস্টমস গোয়েন্দাদের ভাষ্য, সম্প্রতি মোংলা বন্দরে পুরাতন গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে বিলাসবহুল গাড়িকে তিন থেকে চারটি বড় অংশে কেটে আমদানির কৌশল শনাক্ত করা হয়েছে। এ ধরনের পদ্ধতিতে গাড়ি আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
কর্মকর্তারা জানান, গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় ও আমদানি-সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। কিন্তু, তিনি কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের কাছে কোনো দলিল বা তথ্য উপস্থাপন করতে পারেননি।
কর্মকর্তারা একাধিকবার গাড়িটির চাবি চাইলেও তা দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে আমদানি-সংক্রান্ত কোনো দলিল কিংবা গাড়ি কেনার নথি দেখাতে না পারা এবং গাড়ির চাবি না দেওয়ায় গাড়িটি জব্দ করা হয়।
এ বিষয়ে কাস্টমসের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, 'কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিস্তারিত অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'