‘উইপোকার উপদ্রবে’ মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কুমিল্লা সার্কিট হাউজে বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রবের কারণ দেখিয়ে রাত্রিযাপন না করেই চলে গেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
১১ দলীয় জোটের দেশব্যাপী ঘোষিত লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউজে পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের এই সংসদ সদস্য।
দলীয় সূত্রে জানা গেছে, তাহেরের রাত্রিযাপনের জন্য সার্কিট হাউজের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ করা হয়েছিল। রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান।
এ অবস্থায় তিনি সার্কিট হাউজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান বিষয়টি কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) জানান।
এরপরও দ্রুত বিকল্প কক্ষ বা অন্য কোনো আবাসনের ব্যবস্থা করা হয়নি বলে জেলা জামায়াতের নেতাদের অভিযোগ।
ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘কুমিল্লা সার্কিট হাউজের মতো জায়গায় চরম অব্যবস্থাপনার বিষয়টি খুবই দুঃখজনক।’
এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও নাজিরকে ফোন করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।