২২ অক্টোবর ছুটি ঘোষণা, দুর্গাপূজায় মিলছে ৫ দিন বন্ধ

স্টার অনলাইন রিপোর্ট

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একইসঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে। এর ফলে দুর্গাপূজায় থাকছে টানা পাঁচদিনের বন্ধ।

তবে, ২২ অক্টোবরের এই ছুটির পরিবর্তে দেশের সব সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ১৭ অক্টোবর খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত ২৩তম মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে এবং ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে।’

মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে এবং ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে।