নরসিংদীতে ‘জলপরী’ দেখার গুজব, যা জানাল প্রশাসন
নরসিংদীর মনোহরদীর একটি পুরোনো পুকুরে ‘জলপরী’ দেখার গুজব ছড়িয়েছে। পাঁচদিন ধরে সেখানে ভিড় জমেছে মানুষের।
উপজেলার একদরিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের কবির আহমেদ ভূঁইয়ার প্রায় ২০০ বছরের পুরোনো পারিবারিক পুকুরকে ঘিরে এ গুজব ছড়িয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ঘটনাটিকে ঘিরে নানা ধরনের কল্পকাহিনীও প্রচার করছেন।
আজ মঙ্গলবার পুকুরের মালিক কবির আহমেদ (৪৫) জানান, পারিবারিক পুকুরটিতে সিলভার কার্পসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়। কয়েক দিন আগে পুকুরে সিলভার কার্প মাছের একসঙ্গে সাঁতার কাটার দৃশ্যকে কিছু মানুষ ‘জলপরী’ হিসেবে প্রচার শুরু করেন। এরপর পাঁচদিন ধরে প্রতিদিন হাজার হাজার মানুষ পুকুরপাড়ে ভিড় করছেন।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘কেউ কেউ ঘটনাটিকে কেন্দ্র করে নানা কাল্পনিক গল্প তৈরি ও প্রচার করছেন। এতে আমরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি। মানুষের অযাচিত ভিড়ের কারণে পুকুরের মাছের স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে।’
এমন গুজব বন্ধ করে পুকুরপাড়ে মানুষের অযাচিত জমায়াত বন্ধে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ডেইলি স্টারকে বলেন, ‘আজ বিকেলে প্রশাসনের পক্ষ থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। এতে মাছ ছাড়া অন্য কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘কিছু ভুঁইফোড় মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে জলপরীর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে যাচাই না করে নানা ধরনের কথা প্রচার করছেন এবং পুকুরটির সামনে ভিড় করছেন।’
ইউএনও আরও বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’