যুদ্ধক্ষেত্রে হুতিদের সঙ্গে ‘তীব্র লড়াই’ চলছে: ইয়েমেন সরকার

স্টার অনলাইন ডেস্ক

হুতিদের দখলে থাকা সব এলাকা পুনর্দখলে নতুন সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী।

আজ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, দেশটির দক্ষিণে অবস্থিত তাইজ শহরে হুতিদের সঙ্গে তীব্র লড়াই শুরু হয়েছে। পাশাপাশি ধুবাব অঞ্চলেও লড়াই চলছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা।

লড়াইয়ে হুতিদের অসংখ্য যোধ্যা হতাহত ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরকার।

তাইজ শহরের দক্ষিণের একটি এলাকায় যুদ্ধ হচ্ছে। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় যোদ্ধাদের সমন্বয়ে গঠিত ‘তাইজ মিলিটারি অ্যাক্সিস’ নামের সশস্ত্র সংগঠন।

তাইজ অ্যাক্সিসের মিডিয়া সেন্টার আল জাজিরাকে জানিয়েছে, স্থানীয় যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে সরকারি সেনারা তাইজের আল-সালাও ফ্রন্টে হুতিদের সঙ্গে তীব্র লড়াইয়ে জড়িয়েছেন।

এর আগে পৃথক বিবৃতিতে ইয়েমেন সরকার জানিয়েছে, ‘তাইজের দক্ষিণে আল-মাওয়াসাত জেলার কুদস গ্রামে হুতি মিলিশিয়াদের যানবাহন ও যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।’

অপরদিকে, কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির উত্তরে অবস্থিত ধুবাব জেলার পূর্বাঞ্চলেও দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।

এই লড়াইয়ের অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ মোখা বন্দর পুনর্দখলের ঘোষণা দেয় ইয়েমেনের সরকারি বাহিনী।

গতকাল সোমবার সরকারি বাহিনী সেখানেই তাদের বেশিরভাগ অভিযান পরিচালনা করেছে।

এর আগে সেখানে বিমান হামলা চালিয়ে স্থলবাহিনীর এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত করে সৌদি আরব।

গতকাল তারা পুরো এলাকাজুড়ে অভিযান চালিয়েছে, যাতে সরকারি বাহিনী ধুবাব জেলার হুতি নিয়ন্ত্রিত এলাকায় এবং বাব আল-মান্দেবের পূর্ব পাশ দিয়ে প্রবেশ করতে পারে।

ইয়েমেনের সরকারি বাহিনী ওই এলাকাগুলোর কয়েকটিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে।

তবে এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

হুতি কর্মকর্তাদের দাবি, ইয়েমেনি সেনাদের অগ্রযাত্রা প্রতিহত করা হয়েছে এবং ওই এলাকাগুলোর কিছু অংশ তারা পুনর্দখল করেছে।

ইয়েমেন সরকার বলছে, বাব আল-মান্দেব তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ধুবাব জেলার বিমানবন্দরও তাদের নিয়ন্ত্রণে এবং দক্ষিণ-পশ্চিম তাইজের লোহিত সাগর উপকূলের বেশিরভাগ অংশও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল ইয়েমেনের সরকারি বাহিনী আরও জানায়, তারা প্রদেশের ধুবাব জেলা ও প্রণালির নিকটবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং রাজধানী সানা উদ্ধারে একটি ‘কৌশলগত অভিযান’ শুরু করেছে।

২০১৪ সাল থেকে রাজধানী সানা ও ইয়েমেনের জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সেনাবাহিনী হুতিদের একই সময়ে একাধিক ফ্রন্টে লড়াই করতে বাধ্য করার চেষ্টা করছে। হুতিরা যাতে কোনো একটি এলাকায় নিজেদের শক্তি কেন্দ্রীভূত করে লোহিত সাগর উপকূলের হারানো এলাকা পুনর্দখলের চেষ্টা করতে না পারে, তা নিশ্চিত করতেই এই কৌশল নেওয়া হয়েছে।