৫ দিন বন্ধের পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে ৫ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ওই সড়কে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করে বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাসচালক ও সহকারীদের কাছে সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় নিরাপত্তাহীনতার কারণে গত ৯ অক্টোবর থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।'

'গতকাল মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় বিষয়টি নিয়ে। তাদের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চলাচল পুনরায় শুরু করতে সম্মত হয় শ্রমিক,' বলেন তিনি।

বাস সার্ভিসের লাইনম্যান নন্দন বড়ুয়া বলেন, সকাল থেকে বান্দরবান-থানচি সড়কের দুই প্রান্ত থেকেই স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।

মালিক সমিতির নেতা নুরুল আলম বলেন, পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে প্রশাসনের আশ্বাসে ঝুঁকি নিয়েই তারা বাস ছেড়েছেন।

গতকালের বৈঠকে সড়কের ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেবে বলে আশ্বাস দেওয়া হয়।

জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, 'জনভোগান্তির কথা বিবেচনা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।'