ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের কর্মসূচীকে ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় কলেজ গেট এলাকায় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ঘটনার জেরে আজ সকালে ক্যাম্পাসে দুই ছাত্রসংগঠনের পৃথক বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কলেজ চত্বরে ছাত্রদলের একটি শেড বা অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন খান স্থানীয় সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিকভাবে ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেন। শিবিরের নেতাকর্মীরা কলেজ গেটের সামনে থাকা ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করেছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান। তিনি বলেন, ‘ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য আমরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলাম এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। সকাল সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর ইটপাটকেল ছোড়েন। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।’

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, কলেজের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।