চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণে আগে থেকে অনুমতি নিতে হবে। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি দেশের একটি ‘ক’ শ্রেণির কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) বা গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চট্টগ্রাম বন্দর একটি কেপিআইভুক্ত স্থাপনা। এ কারণে এখানে অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও ধারণ করা নিষিদ্ধ। এটা শুধু চট্টগ্রাম বন্দরের জন্য নয়, দেশের অন্য কেপিআই স্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ যেন অনুমতি ছাড়া বন্দরের ভেতরে ছবি বা ভিডিও ধারণ না করেন, সে জন্য বিষয়টি সবাইকে মনে করিয়ে দেওয়া হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বানুমোদন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম বা গণমাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকার কোনো তথ্য প্রকাশ করা যাবে না। জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা এবং স্পর্শকাতর স্থাপনার ছবি বা ভিডিও ধারণ থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে।