চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চটগ্রামে জসিম উদ্দিন রাজু নামে এক ব্যক্তি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ভোররাত সাড়ে ৩টার দিকে পশ্চিম ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে বন্দুকযুদ্ধ হয়। মঙ্গলবার রাতে জসিম তার ছোট ভাইয়ের তিন বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যা করে পালিয়ে গিয়েছিলেন। তিনি একজন পেশাদার অপরাধী ও ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে নগরীর হালিশহর, ডবলমুরিং ও বন্দর থানায় ১৩টি মামলা রয়েছে। পুলিশের এক নায়েককে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিও ছিলেন তিনি।’

জসিম উদ্দিন রাজুর বাড়ি ডবলমুরিং থানা এলাকায়। তিনি আব্দুল জব্বার সওদাগর বাড়ির মৃত মনির আহমদের ছেলে।

জহির হোসেন আরও বলেন, ‘জসিম উদ্দিন রাজুর সঙ্গে তার ছোট ভাইয়ের বউ নিলু আক্তারের ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম উদ্দিন তার ভাইয়ের তিন বছর বয়সী ছেলে মেহেরাবকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিলু আক্তার হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে অভিযানে গিয়েছিল পুলিশ।’

অভিযানে তিনি, চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) এএএম হুমায়ুন কবির, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান জহির হোসেন।

এএএম হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিমসহ তার সহযোগীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জসিমের সহযোগীরা পালিয়ে যায়। সেখানে থেকে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

‘ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি অব্যবহৃত কার্তুজ, কার্তুজের ৪টি খোসা, একটি টিপ ছোরা ও ৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে’— বলেন এএএম হুমায়ুন কবির।