নারায়ণগঞ্জে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শিল্পী আক্তার (২৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে তাকে হত্যা করেছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সত্যবান্দি ভূঁইয়া পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিল্পী আক্তারের বাড়ি সোনারগাঁও উপজেলার উত্তর কাজীপাড়ায়। তার বাবার নাম আব্দুল লতিফ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়রা রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।’

তিনি বলেন, ‘নিহত নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। এলাকাবাসী জানিয়েছে, দুই বছর আগে স্বামী মারা যাওয়ার পরে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। তিনি সোনারগাঁও এলাকায় বসবাস করতেন। পুলিশ তদন্ত শুরু করেছে।’