কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় সাবেক সেনা সদস্য আহত

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

কক্সাবাজারের পেকুয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নাসির উদ্দিন আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নাসির উদ্দিন বর্তমানে শঙ্কা মুক্ত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।’

নাসির উদ্দিনের বাড়ি উপজেলার দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায়। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে আমার জমিতে কিছু লোক ধানের চারা রোপণ করতে শুরু করে। আমার জমিতে কেন তারা ধান রোপণ করছে— জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে ১২ থেকে ১৪ জন আমাকে ঘিরে ধরে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। রাত ১২টার দিকে স্বজনরা আমাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল আজম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি সরকারি কাজে বাইরে আছি। থানা থেকে আমাকে জানানো হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা নাসির উদ্দিন একটি অভিযোগ দায়ের করেছেন। আমি ফিরে এটি মামলা হিসেবে গ্রহণ করবো।’