উন্নয়ন কেন্দ্রে মারামারিতে ৩ কিশোর নিহত: তদন্ত কমিটি গঠন

স্টার অনলাইন রিপোর্ট

যশোরে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারামারিতে তিন কিশোর নিহতের ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে সরেজমিনে ঘটনার তদন্ত শেষে আগামী তিন কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন— সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মো. নূরুল বাসির ও উপপরিচালক (প্রতিষ্ঠান-২) এমএম মাহমুদুল্লাহ।

কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, সরেজমিনে শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করে এ নৃশংস খুনের নেপথ্য সকল সূত্র উদঘাটন করতে হবে; এ ঘটনার সঙ্গে শিশু উন্নয়ন কেন্দ্রের কোনো কর্মকর্তা-কর্মচারীর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লেষ/সম্পর্ক/সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করতে হবে; এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেন্দ্রে অবস্থানরত নিরাপত্তাকর্মীদের ভূমিকা কী ছিল, তা যাচাই করতে হবে; তত্ত্বাবধায়ক ও অন্যান্য কর্মচারীদের দায়িত্ব পালনে কোনোরূপ উদাসীনতা, অবহেলা, ঘাফিলতি ও ব্যর্থতা ছিল কি না, তা যাচাই করতে হবে এবং যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকেবর কোনোরূপ ব্যর্থতা ছিল কি না, তাও যাচাই করতে হবে।

অফিস আদেশে এও বলা হয়েছে, উপরোল্লিখিত বিষয়গুলো ছাড়াও অন্যকোনো বিষয় তদন্ত কমিটির দৃষ্টিগোচর হলে, সে বিষয়েও প্রতিবেদনে উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বিকেলে যশোরে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এই মারামারির ঘটনা ঘটে।

আরও পড়ুন:

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারিতে ৩ কিশোর নিহত