বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ, আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর শেডের মধ্যে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল।  

আজ বুধবার বিকেলে মোটর পার্টসের একটি চালানের মধ্যে বোমাটি বিস্ফোরিত হয় বলে জানান তিনি। তবে এতে কেউ হতাহত হয়নি।

তবে বোমা বিস্ফোরণের ঘটনায় বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্টস ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ২৩ নম্বর সেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টনের ফাঁকে সুতা দিয়ে পেঁচানো একটি হাতবোমা বিস্ফোরিত হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।