এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার আরেক আসামি মাসুম গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেটের মুরারিচাঁদ কলেজের (এমসি) ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরেক আসামি মাহফুজুর রহমান মাসুমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মাহফুজুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের সালিক আহমদের ছেলে। এ নিয়ে এই মামলার প্রধান আসামিসহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে একদল তরুণ। ওই রাতেই ধর্ষণের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহ পরান থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন— সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান রনি (২৫), অর্জুন লঙ্কর (২৫), মাহফুজুর রহমান মাসুম (২৫), রবিউল ইসলাম (২৫) ও তারেকুল ইসলাম (২৮)।

এদের মধ্যে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর ও রবিউল ইসলামকে আগে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ছাড়া, এ ঘটনায় জড়িত রাজন মিয়া এবং মো. আইনুদ্দীন নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

এর মধ্যে সাইফুর, অর্জুন লস্কর এবং রবিউলকে গতকাল আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।