এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

স্টার অনলাইন রিপোর্ট

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে গত শুক্রবারের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

গতকাল সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহেদুল খবির চৌধুরী।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন এবং সাত কার্যদিবসের মধ্যে ঘটনার মূল তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'

কমিটির সদস্যরা এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন এবং তদন্ত কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।