ছিনতাইয়ের অভিযোগে ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাতে গোয়েন্দা শাখার সদস্যরা মুলাইদ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পরে শ্রীপুর থানায় হস্তান্তর করে।

তিনি বলেন, গত ৯ আগস্ট মাওনা চৌরাস্তার কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু যুবক মুলাইদ এলাকার ব্লু প্ল্যানেট নিটওয়্যার লিমিটেডের ১৫ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ব্লু প্ল্যানেট নিটওয়্যারের মালামাল এবং একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছে।

গত বছরের ১১ মে নারায়ণগঞ্জের জিন্দা পার্কের সামনে থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় তার নাম উঠে আসে। তদন্ত শেষে পুলিশ লিয়াকত ফকিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে অভিযোগপত্রও জমা দেয়। এ ছাড়া, গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা চলমান রয়েছে।