ভারতকে কাঁপিয়ে শেষ বলে হারল জাপান!
আন্তর্জাতিক ক্রিকেটে ভারত আর জাপানের ফারাক যোজন-যোজন। টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বড় কোন রেকর্ড হয় কিনা সেই নিয়ে বরং কৌতূহল ছিলো মানুষের। রেকর্ড তো হলোই না, উল্টো ঐতিহাসিক জয়ের সম্ভাবনাও জাগিয়ে ফেলেছিলো জাপান। অবশ্য ম্যাচটি বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসাতেই হয়েছে যতো নাটকীয়তা।
জাপানের সানোতে এশিয়ান গেমসের আগে স্বাগতিকদের বিপক্ষে পুরো শক্তির দল নিয়ে ম্যাচ খেলতে নেমেছিলো ভারত। আগে ব্যাট করা শ্রেয়াস আইয়ারের দল জাপানের বোলিংয়ে পাঁচ ওভারে ৪ উইকেট হারিয়ে করতে পারে কেবল ৩২ রান। রান তাড়ায় ৩ উইকেটে ৩০ রান করতে পারে জাপান।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেকটা পরে শুরু হয় খেলা। ভেজা আউটফিল্ড তৈরি করতে গিয়ে ম্যাচ নেমে আসে পাঁচ ওভারে। টস জিতে আগে ব্যাটিং বেছে বিব্রতকর অবস্থায় পড়ে ভারত। কঠিন উইকেটে জাপানি বোলারদের বিপক্ষে ৮ বলেই বিদায় নেন ভারতের দুই ওপেনার। রান পাননি ইশান কিশানও। অধিনায়ক শ্রেয়াস ১২ বলে ১৬ করে আনেন লড়াইয়ের পুঁজি। পুরো ৩০ বলে ভারতের বাঘা ব্যাটাররা মারতে পারেন কেবল দুই বাউন্ডারি।
রান তাড়ায় অক্ষর প্যাটেলের প্রথম ওভারেই উইকেট হারায় জাপান। উইকেটের পরিস্থিতি বুঝে স্পিন দিয়েই কাজ চালাতে থাকেন শ্রেয়াস। জাপানি অধিনায়ক কেন্ডাল কেডোওয়াকি ১২ বলে করেন ১২ রান। ওয়াশিংটন সুন্দর নেন দুই উইকেট।
শেষ ওভারে অক্ষরের সামনে ৮ রান তোলার চ্যালেঞ্জে পেরে উঠেনি জাপানি ব্যাটাররা। ম্যাচ জেতার জন্য শেষ বলে দরকার ছিলো ৪ রানের। জাপান বের করতে পারে ১ রান।