লিটন-মিরাজের দৃঢ়তায় চারশ ছাড়াল বাংলাদেশের লিড
দিনের শুরুতেই দুবার জীবন পেয়েছিলেন লিটন দাস। সেই সুযোগ কাজে লাগিয়ে তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। অন্য প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজও। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের লিড চারশ ছাড়িয়েছে।
সোমবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৩৭ রান তুলেছে বাংলাদেশ। ফলে দুই ইনিংস মিলিয়ে শান্তদের লিড দাঁড়িয়েছে ৪৪৩ রানে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান অলআউট হয়েছিল ২৪০ রানে।
তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটনের সঙ্গী ছিলেন মিরাজ। দিনের শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন লিটন। দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু করলেও বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটারকে আটকে রাখতে পারেননি আফগানরা।
অবশ্য দিনের প্রথম ২০ মিনিটেই দুবার জীবন পান লিটন। ব্যক্তিগত ১৪ রানে কায়েস আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন শাহিদউল্লাহ কামাল। এরপর ২৬ রানে কায়েসের বলেই ফিরতি ক্যাচ দেন লিটন। এবার নিজের বলের ক্যাচ নিজেই নিতে ব্যর্থ হন আফগান স্পিনার।
দুই দফা জীবন পেয়ে আর পেছনে তাকাননি লিটন। সেলিমের বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে পূর্ণ করেন ক্যারিয়ারের ২২তম টেস্ট ফিফটি। প্রথম ইনিংসে ৫৩ রান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও তুলে নেন অর্ধশতক। একই সঙ্গে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।
লিটনের সঙ্গে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন মিরাজও। চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই কোনো উইকেট না হারিয়ে ১৪ ওভারে ৬২ রান যোগ করে বাংলাদেশ। তবে এরই মধ্যে অষ্টম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয়েছে ১১৪ রান। যেখানে লিটন অপরাজিত আছেন ৮১ রানে, আর মিরাজের সংগ্রহ ৩৮ রান।
আগের দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৩, তানজিদ হাসান তামিম ৩১ এবং মুমিনুল হক ৭ রান করে ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। এরপর শান্ত ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১৫৯ রান।
মুশফিক ও শান্ত দুইজনই খেলেছেন ৮০-র ঘরে। শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রান করেন। তাদের দৃঢ়তায় বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। এরপর এ দুই ব্যাটারের সঙ্গে হাসান মাহমুদকেও হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটন ও মিরাজ সব চাপ সামলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন বড় লিডের পথে।