সাঙ্গাকারার ভক্ত ‘পাকিস্তানি’ অ্যাডাম গিলক্রিস্টের গল্প

স্পোর্টস ডেস্ক

নাম তার অ্যাডাম গিলক্রিস্ট, কিন্তু দেশ পাকিস্তান! এইটুকু শুনে অনেকে ধাক্কা খেতে পারেন—অস্ট্রেলিয়ান কিংবদন্তি আবার কবে দেশ বদল করলেন! মূলত পাকিস্তানের স্কুল টুর্নামেন্টে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন করাচির এক উঠতি ক্রিকেটার, যার আসল নামই অ্যাডাম গিলক্রিস্ট। গিলক্রিস্টের মতোই তিনি বাঁহাতি কিপার-ব্যাটার।

তবে মজার বিষয় হলো, অস্ট্রেলিয়ান কিংবদন্তির নামে নাম হলেও তরুণ এই ক্রিকেটারের স্বপ্নের নায়ক কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট অ্যাস কুমার সঙ্গকারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনূর্ধ্ব-১৭ ট্যালেন্ট হান্ট স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কামরান পাবলিক স্কুলের হয়ে খেলছেন তরুণ গিলক্রিস্ট। সম্প্রতি জিন্নাহ কলেজে হ্যাপি প্যালেস গ্রামার স্কুলের বিরুদ্ধে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। ১৪৫ মিনিট ক্রিজে টিকে থেকে ১০৮ বলে খেলেছেন ১১৭ রানের এক চকচকে ইনিংস, যাতে ছিল ১১টি চারের মার।

তার এই শতকে ভর করে ৪০ ওভারে ২৯৭ রানের পাহাড় গড়ে কামরান পাবলিক স্কুল, যার প্রায় ৩৯ শতাংশ রানই এসেছে গিলক্রিস্টের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৭২ রানের বিশাল ব্যবধানে জয় পায় তার দল। খেলার পর নিজের নাম আর প্রিয় ক্রিকেটারকে নিয়ে তরুণ এই ব্যাটারের একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় উঠে আসেন।

পাকিস্তানের এই তরুণের নাম কীভাবে গিলক্রিস্ট হলো? এর পেছনে আছে এক মজার গল্প। মায়ের ইচ্ছে ছিল ছেলের নাম 'অ্যাডাম' রাখার। আর বাবা ক্রিকেটপাগল হওয়ার কারণে প্রিয় অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটারের প্রতি সম্মান জানিয়ে শেষ অংশ যোগ করেন 'গিলক্রিস্ট'।

আসল অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া দলের হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন এবং তিনটি বিশ্বকাপ জয়ী (১৯৯৯, ২০০৩ ও ২০০৭) দলের সদস্য ছিলেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি বিশ্বখ্যাত।

তবে এই পাকিস্তানি কিশোর কিন্তু নিজের ব্যাটিংয়ের ধাঁচ গড়তে চান কুমার সঙ্গকারাকে দেখে। শ্রীলঙ্কার হয়ে ১২,৪০০ রান ও ৩৮টি টেস্ট সেঞ্চুরি করা এই বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটারকেই নিজের পথের দিশারী ভাবেন তিনি। পাশাপাশি স্কুল পর্যায়ে তরুণদের এমন সুযোগ করে দেওয়ার জন্য পিসিবি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গিলক্রিস্ট।