চুয়েটে ভিসিবদল: অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিযুক্ত নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অপসারণ করে সাবেক উপাচার্য ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক অসহযোগিতা ও কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতি।

আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে চুয়েট অডিটোরিয়াম হলে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।

তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় উপাচার্যকে নিতে হবে।’

এর আগে চুয়েট ক্যাম্পাসে চলমান আন্দোলনের মধ্যে আজ দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। তারা বাইরে থেকে কার্যালয়ের দরজায় তালা লাগিয়ে দেন। এতে উপাচার্য ভেতরে আটকা পড়েন।

সকাল ৯টার দিকে মাইক্রোবাসে করে ক্যাম্পাসে আসেন অধ্যাপক শরীফুল। উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন তিনি।

এ পরিস্থিতিতে ক্যাম্পাসে জরুরি বৈঠকে বসে সমিতি তিনটি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, ‘বহিরাগতদের নিয়ে উপাচার্যের কার্যালয়ে অবস্থান আমরা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে তার দায় উপাচার্যের ওপর বর্তাবে। দাবি আদায়ে আমরা পূর্ণ কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগিতার ডাক দিচ্ছি।’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শহর থেকে ক্যাম্পাসের দিকে আসার পথে শিক্ষার্থীদের বহনকারী দুটি বাসে হামলা হয়েছে। অধ্যাপক আহসান বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘যে বা যারাই করুক, এটি ঘৃণ্য কাজ।’

নতুন উপাচার্য আলোচনার কোনো প্রস্তাব দিয়েছেন কি না জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি জানান, তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

‘তবে চুয়েট পরিবার তাকে ভিসি হিসেবে গ্রহণ করছে না,’ বলেন অধ্যাপক আহসান।

তিনি আরও বলেন, ‘আমাদের ১৫টি পরীক্ষা ও ১৩ দিনের ক্লাস হয়নি, সামনে পূজার ছুটি। আমরা এ বিষয়ে কিছু পরিকল্পনা করেছি, যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে সেশন জট না হয়।’

শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নেওয়া প্রসঙ্গে অধ্যাপক আহসান বলেন, ‘আমাদের আশা সরকার দ্রুত বিষয়টির সমাধান করবে।’