বিশ্বকাপ শুরুর আগের দিনও প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরুর আগের দিন অর্থাৎ আগামী ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এই ম্যাচ দিয়েই দলটি নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করবে বলে নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
ভেন্যু সম্পর্কে ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যমগুলো শুক্রবার জানিয়েছে, ম্যাচটি লিইরিয়াতে অনুষ্ঠিত হতে পারে। এর আগে ৬ জুন ওইরাসের ন্যাশনাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সূচি নির্ধারিত আছে তারকাখচিত দলটির।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে গত শনিবার রাতে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে আসন্ন আসরের সহ-আয়োজকদের সাথে গোলশূন্য ড্র করে পর্তুগাল। এরপর গত মঙ্গলবার রাতে আটলান্টায় তারা আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায়।
আসন্ন বিশ্বকাপে পর্তুগাল খেলবে 'কে' গ্রুপে। আগামী ১৭ জুন হিউস্টনে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে তাদের যাত্রা শুরু হবে। এই কঙ্গোই আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়াকে বিদায় করে দিয়েছিল।
তারপর ২৩ জুন হিউস্টনে ক্রিস্তিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ নবাগত উজবেকিস্তান। আর ২৭ জুন মায়ামিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ১৯৬৬ সালের আসরে তৃতীয় ও ২০০৬ সালের আসরে চতুর্থ স্থান পাওয়া দলটি।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে নাম লিখিয়েছে পর্তুগিজরা। আয়ারল্যান্ড, হাঙ্গেরি ও আর্মেনিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন করে তারা। ২০ গোল করার বিপরীতে সাতবার তাদের জালে বল প্রবেশ করে।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া নাইজেরিয়াকে শেষবার পর্তুগাল মোকাবিলা করেছিল ২০২২ সালের নভেম্বরে। লিসবনে অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল তারা। ব্রুনো ফার্নান্দেসের জোড়া লক্ষ্যভেদের পাশাপাশি জাল খুঁজে নিয়েছিলেন গনসালো রামোস ও জোয়াও মারিও।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসর ১৯ জুলাই পর্যন্ত কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ফুটবলের এই মহাযজ্ঞে অংশ নেবে ৪৮টি দল। তাদেরকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে।