রেফারিদের নিয়ে ভাবছেন না অ্যাতলেতিকো কোচ

স্পোর্টস ডেস্ক

ক্যাম্প ন্যু থেকে দুই গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে দ্বিতীয় লেগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে বেশ আশাবাদী, কোচ দিয়েগো পাবলো সিমিওনে। তবে একই সঙ্গে যথেষ্ট সতর্কও এই আর্জেন্টাইন কোচ।  

আগামী মঙ্গলবার নিজেদের ঘরের মাঠ মেত্রোপলিটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণের আগে সংবাদ সম্মেলনে খুব একটা মুখ খোলেননি এই আর্জেন্টাইন কোচ। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন বেশ মেপে মেপে। তবে প্রথম লেগে পেনাল্টি বক্সে পুবিলের একটি ফাউল নিয়ে বার্সেলোনার পেনাল্টির দাবি এবং রেফারিং বিতর্ক নিয়ে তার মন্তব্যটি ছিল বেশ আকর্ষণীয়।

অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলার চিরচেনা স্বভাব বজায় রেখে সিমিওনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রেফারিদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তবে তিনি এও স্বীকার করেন যে, টুর্নামেন্ট যত ফাইনালের দিকে এগোচ্ছে, রেফারিদের কাজটা ততই কঠিন হয়ে পড়ছে। কারণ, এ সময় প্রতিটি সিদ্ধান্তে সূক্ষ্ম নজরদারি থাকে এবং চাপও অনেক বেড়ে যায়।

অ্যাতলেতিকো কোচ বলেন, 'আমি দল নিয়ে ভাবছি, রেফারিদের নিয়ে নয়। তাদের সামনে অত্যন্ত কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে। ফাইনালের যত কাছাকাছি যাওয়া যায়, প্রতিটি ম্যাচের প্রভাব তত বাড়তে থাকে এবং রেফারিদের ওপরও চরম চাপ তৈরি হয়। সত্যি বলতে, আমি তাদের নিয়ে মোটেও ভাবছি না।'

বার্সেলোনার মাঠে পাওয়া লিড ধরে রেখে রক্ষণাত্মক খেলা, নাকি শুরু থেকেই জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক হয়ে ব্যবধান বাড়ানো, এমন প্রশ্নের জবাবে সিমিওনে জানান, অ্যাতলেতিকো তাদের লক্ষ্য এবং প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে পুরোপুরি সচেতন।

'আমাদের কী করতে হবে, সে বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সামনে এগিয়ে যাওয়ার জন্য ঠিক যেভাবে খেলা দরকার, আমরা সেভাবেই খেলব। আগের ম্যাচগুলোতে আমরা যেভাবে লড়াই করেছি, এই ধরনের ম্যাচগুলোতেও ঠিক সেভাবেই খেলব। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে আমরা অবগত, তবে আমাদের মূল লক্ষ্য হলো পরের রাউন্ডে জায়গা করে নেওয়া,' বলেন সিমিওনে।

মাঠে বল গড়ানোর পর ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় উল্লেখ করে আগে থেকে কোনো ভবিষ্যদ্বাণী করতে অস্বীকৃতি জানান সিমিওনে। তার মতে, 'আমরা যা কল্পনা করি, তা কেবলই কল্পনা। আমাদের বলা সব কথাই তখন অপ্রাসঙ্গিক হয়ে যায়। ঘরের মাঠে খেলছি বলে যদি আমরা চাপ প্রয়োগের কথা ভাবি আর সেটা যদি মাঠে না ঘটে।'

'গত ম্যাচে আমরা বলের দারুণ নিয়ন্ত্রণ রেখেছিলাম এবং তারা যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি সময় আমরা তাদের অর্ধেই খেলেছি। এখন দলের প্রতি বিশ্বাস আর নিজেদের চাওয়া অনুযায়ী পারফর্ম করার আত্মবিশ্বাসটাই আসল,' যোগ করেন তিনি।

বার্সেলোনার বিপক্ষে গোলবার সামলানোর দায়িত্ব ইয়ান ওবলাক নাকি হুয়ান মুসোর কাঁধে উঠবে, সে বিষয়টিও খোলাসা করেননি সিমিওনে। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে হোটেলে খেলোয়াড়দের সাথে একাদশ নিয়ে আলোচনা করবেন এবং তার আগে এই বিষয়ে ভাবার যথেষ্ট সময় তার হাতে রয়েছে।

অন্যদিকে পুবিল, হাঙ্কো এবং চোটাক্রান্ত হিমেনেজের অনুপস্থিতিতে সেন্টার-ব্যাক পজিশনে রবিন লে নরম্যান্ড এবং ক্লেমেন্ট লেংলেটের ওপরই ভরসা রাখছেন তিনি, 'তাদের সাথে আলাদা করে কথা বলার কিছু নেই, তারা জানে আমাদের কী প্রয়োজন। রবিন প্রতিটি ম্যাচেই উন্নতি করছে এবং ক্লেমেন্টের অনেক অভিজ্ঞতা রয়েছে। সে তার শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভালো করেই জানে। দলের মঙ্গলের জন্য আমরা তাদের দুজনের থেকেই সেরাটা বের করে আনার চেষ্টা করব।'