বার্সা-জটের মাঝেই আলভারেজকে ফেরাতে মরিয়া সিমিওনে
বার্সেলোনায় যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ, কিন্তু হুলিয়ান আলভারেজকে ঘিরে দিয়েগো সিমিওনের দরজা এখনও খোলা। ক্লাবের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আর্জেন্টাইন তারকাকে আবার নিজেদের পরিকল্পনায় ফেরানোর বার্তা দিয়েছেন অ্যাতলেতিকো কোচ। অনুশীলনে ফিরলেই আলভারেজকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে অনুভব করাতে ‘সবকিছু’ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও আলভারেজকে কাতালান ক্লাবটির কাছে বিক্রি করতে রাজি নয় অ্যাতলেতিকো। বরং ক্লাবের সাম্প্রতিক অবস্থান অনুযায়ী, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার সম্ভাব্য ট্রান্সফার নিয়ে কোনো আলোচনা হবে না। ফলে অ্যাতলেতিকো ছাড়তে চাইলে আর্সেনালই এখন আলভারেজের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ হয়ে উঠেছে।
এর মধ্যেই শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে থাকছেন না আলভারেজ। অসুস্থতার কারণে টানা তৃতীয় দিনের মতো শুক্রবারও অনুশীলনে যোগ দেননি তিনি। সিমিওনে জানিয়েছেন, সুস্থ হয়ে অনুশীলনে ফিরলে আলভারেজকে আবারও দলের কেন্দ্রীয় ভূমিকায় ফেরানোর চেষ্টা করবেন।
'সে যখন অনুশীলনে ফিরবে, তখন তাকে গুরুত্বপূর্ণ মনে করানোর জন্য আমি সবকিছু করব,' বলেছেন সিমিওনে। আলভারেজের পরিস্থিতি কি এখনও বদলানো সম্ভব, এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, 'যতক্ষণ আপনার স্বাস্থ্য আছে, জীবনের সবকিছুই ঘুরে দাঁড়াতে পারে।'
আলভারেজকে নিয়ে গত এক সপ্তাহে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বিবৃতি দিয়েছে অ্যাতলেতিকো। দুটিতেই পরিষ্কার করে জানানো হয়েছে, আসন্ন দিনগুলোতে বার্সেলোনায় যাওয়ার আলভারেজের ইচ্ছা পূরণ করতে তাকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই ক্লাবটির।
সিমিওনের সংবাদ সম্মেলনের বড় অংশজুড়েই তাই ছিল আলভারেজ প্রসঙ্গ। তবে ক্লাব ইতোমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জানিয়ে তিনি বলেন, 'আমি এখনও একই অবস্থানে আছি। খেলার দিক থেকে আমি আশা করছি, তাকে সর্বোত্তমভাবে সাহায্য করতে পারব, যাতে সে আমাদের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সেটি ধরে রাখতে পারে।'
শনিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচেও তাই আলভারেজকে ছাড়া খেলতে হবে অ্যাতলেতিকোকে। চোটের কারণে নরওয়ের ফরোয়ার্ড আলেক্সান্ডার সোরলথও নেই। ফলে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ দুই বিকল্পকেই পাচ্ছেন না সিমিওনে, 'সোরলথের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতিকর। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে হুলিয়ানের অনুপস্থিতির প্রভাব আরও বেশি।'
তবে আলভারেজকে ঘিরে অনিশ্চয়তা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, এমনটা মানতে রাজি নন সিমিওনে, 'সত্যি বলতে, না। ছেলেরা খুব ভালোভাবে কাজ করছে, বিশেষ করে বিশ্বকাপ খেলা খেলোয়াড়েরা। মালাগা ও ভিয়ারিয়ালের বিপক্ষে দল ভালো ম্যাচ খেলেছে। আমরা সেভিয়ার বিপক্ষে ভালো ম্যাচ খেলার দিকেই মনোযোগী।'
এদিকে গ্রীষ্মে টটেনহ্যাম থেকে ৪ কোটি ইউরোতে অ্যাতলেতিকোয় যোগ দেওয়া ক্রিস্তিয়ান রোমেরো সেভিয়া সফরের দলে থাকছেন। তবে আর্জেন্টাইন ডিফেন্ডারকে দ্রুত মাঠে নামিয়ে দেওয়ার ঝুঁকি নিতে চান না সিমিওনে, 'সেরা ফর্মে ফিরতে তার সময় দরকার। আমরা তাকে তাড়াহুড়ো করাব না। তার সেরাটা দেওয়ার মতো অবস্থায় পৌঁছানো পর্যন্ত আমরা সময় দেব।'