বার্সার টার্গেটে তাদেরই ‘দুঃস্বপ্ন’ সোরলথ
আক্রমণভাগে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় নতুন করে হিসাব কষছে বার্সেলোনা। শুধু বিকল্প নয়, বরং এমন একজন স্ট্রাইকার খুঁজছে কাতালান ক্লাবটি, যিনি প্রয়োজনে শুরুর একাদশেও জায়গা করে নিতে পারেন। আর সেই খোঁজেই উঠে এসেছে এমন এক নাম, যিনি সাম্প্রতিক বছরগুলোতে বার্সার জন্য হয়ে উঠেছেন এক পরিচিত ‘দুঃস্বপ্ন’ আলেকজান্ডার সোরলথ।
ট্রান্সফার বিশেষজ্ঞ মাত্তেও মোরেত্তোর তথ্য অনুযায়ী, বার্সেলোনা নজর রাখছে এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডের ওপর। বর্তমান ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে নিয়মিত শুরুর একাদশে জায়গা না পেলেও, গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন সোরলথ।
বর্তমানে অ্যাতলেতিকোয় মূল স্ট্রাইকার হিসেবে জায়গাটি হুলিয়ান আলভারেজের দখলে। তাকে নিয়েও আগ্রহ রয়েছে বার্সেলোনার। তবে তার মূল্য অনেক বেশি এবং তাকে ধরে রাখতে মরিয়া অ্যাতলেতিকো। বার্সার জন্য তাই তুলনামূলকভাবে ‘সহজলভ্য’ একটি বিকল্প।
৩০ বছর বয়সী সোরলথের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত, আর তার রিলিজ ক্লজ প্রায় ৩৫ মিলিয়ন ইউরো। লম্বা গড়নের হয়েও গতি, হেডিং দক্ষতা এবং বাঁ পায়ের শক্তিশালী শটে তিনি আলাদা করে নজর কাড়েন। পাশাপাশি দলগত খেলার মানসিকতা তাকে করে তুলেছে একজন কার্যকর ‘স্কোয়াড প্লেয়ার’, যিনি প্রয়োজনে সেকেন্ডারি ভূমিকাও মেনে নিতে পারেন।
সবচেয়ে বড় কথা, বার্সার বিপক্ষে তার পারফরম্যান্সই তাকে আলাদা করে তুলেছে। রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল এবং অ্যাতলেতিকোর হয়ে ১৫টি ম্যাচে সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি বার্সার বিপক্ষে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালেও বার্সার বিদায়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ক্যাম্প ন্যুতে প্রথম লেগে গোল, আর ফিরতি লেগে এরিক গার্সিয়াকে লাল কার্ড দেখানোর মতো পরিস্থিতি তৈরি করা।