মেসির শোকে দে পলের হৃদয়ছোঁয়া শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক

মেসি ছিলেন না মাঠে, কিন্তু তার উপস্থিতি যেন ঠিকই ছিল। গোল করার পর জার্সি খুলতেই রদ্রিগো দে পলের গায়ে দেখা গেল মেসির সেই বিখ্যাত ১০ নম্বর, শোকাহত বন্ধুর প্রতি ভালোবাসা ও সমর্থনের এমন আবেগঘন প্রকাশে মুহূর্তেই থমকে যায় গোটা স্টেডিয়াম।

লিগস কাপে মন্টেরের বিপক্ষে শনিবার রাতে গোল করার পর নিজের জার্সি খুলে ফেলেন দে পল। আর তখনই সামনে আসে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। গোলটি তিনি উৎসর্গ করেন শোকাহত বন্ধু ও মায়ামির অধিনায়ক মেসিকে।

ম্যাচের কয়েক ঘণ্টা আগেই আর্জেন্টিনায় মারা যান মেসির বাবা হোর্হে মেসি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। বাবার শেষকৃত্যে অংশ নিতে মেসি তখন আর্জেন্টিনায় অবস্থান করছিলেন। ফলে মন্টেরের বিপক্ষে মাঠে নামা হয়নি তার।

মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে দুই দল। গ্যালারিতে থাকা মায়ামির সমর্থকরাও বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে মেসির প্রতি সমবেদনা জানান। সেখানে লেখা ছিল, 'শক্ত থাকো, লিও।'

এরপর ৩২ মিনিটে আসে দেপলের সেই আবেগঘন মুহূর্ত। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার। গোলের পরপরই জার্সি খুলে ফেলেন তিনি। নিচে থাকা মেসির ১০ নম্বর জার্সি তখন সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে।

এটি নিছক গোল উদযাপন ছিল না। শোকের মুহূর্তে এক আর্জেন্টাইনের পক্ষ থেকে আরেক আর্জেন্টাইনের প্রতি বন্ধুত্ব, ভালোবাসা ও সমর্থনের বার্তা হয়ে ওঠে দেপলের সেই উদযাপন।
ম্যাচের আগে মেসি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিল তার ক্লাব মায়ামিও। এক বার্তায় তারা লিখেছে, 'আমাদের হৃদয় আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সঙ্গে রয়েছে।'

তবে দে পলের গোলের লিড ধরে রাখতে পারেনি মায়ামি। দ্বিতীয়ার্ধে হুগো কুইপার্স গোল করে সমতা ফেরানোর পর ম্যাচের ৯০ মিনিটে দিয়েগো রসির গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় মন্তেরে।