আলভারেজ নয়, বার্সার ‘প্ল্যান বি’ এখন ব্রাজিলের জেসুস

স্পোর্টস ডেস্ক

হুলিয়ান আলভারেজকে এখনই পাওয়ার পথ কার্যত বন্ধ। অ্যাতলেতিকো মাদ্রিদ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়তে রাজি না হওয়ায় আপাতত সেই দরজা বন্ধই রাখতে হচ্ছে বার্সেলোনাকে। তবে আক্রমণভাগে একজন বিশেষজ্ঞ নম্বর নাইন পাওয়ার প্রয়োজনটা তো থেকেই যাচ্ছে। আর সেই প্রয়োজন মেটাতেই এবার আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের দিকে ঝুঁকেছে কাতালান ক্লাবটি। শুধু আগ্রহ নয়, দুই ক্লাবের মধ্যে আলোচনা এরই মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।

মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, ২৯ বছর বয়সী জেসুসকে এখনই দলে ভেড়ানোর জন্য আর্সেনালের সঙ্গে আলোচনা করছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেতে প্রায় ১ কোটি ইউরোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছে কাতালান ক্লাবটি। প্রস্তাবিত চুক্তির মেয়াদ হতে পারে দুই বছর, সঙ্গে থাকবে আরও এক বছর বাড়ানোর সুযোগ।

ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াতে আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইতোমধ্যে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবারই তার মেডিকেল পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব দ্রুতই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া।

বার্সেলোনার জন্য জেসুসের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই তার খেলার ধরন। রবার্ট লেভানদোভস্কি চলে যাওয়ার পর আক্রমণভাগে একজন স্বীকৃত, খাঁটি স্ট্রাইকারের ঘাটতি তৈরি হয়েছে। কোচ হান্সি ফ্লিকও মৌসুমের শেষ দিকে সেই প্রয়োজনের কথা জানিয়েছিলেন। গত ১৯ আগস্ট স্পোর্টিং ডিরেক্টর ডেকোও স্পষ্ট করেছিলেন, দলে একজন প্রকৃত নম্বর নাইন দরকার।

বার্সেলোনার মূল পছন্দ অবশ্য এখনও আলভারেজ। অ্যাতলেটিকোর এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দীর্ঘদিন ধরেই পছন্দ কাতালান ক্লাবটির। কিন্তু এই মুহূর্তে অ্যাটলেটিকো তাকে বিক্রি করতে একেবারেই রাজি নয়। ফলে চলতি দলবদলেই আলভারেজকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তবে জেসুসকে নেওয়ার অর্থ এই নয় যে আলভারেজকে নিয়ে বার্সার আগ্রহ শেষ হয়ে যাচ্ছে। বরং ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দেখা হচ্ছে তাৎক্ষণিক সমাধান হিসেবে। আলভারেজের প্রতি বার্সেলোনার আগ্রহ পরবর্তী দলবদল উইন্ডোতেও বহাল থাকবে।

বার্সেলোনার আগ্রহের পেছনে জেসুসের বর্তমান পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। আর্সেনালে এখন আগের মতো গুরুত্বপূর্ণ নন এই ব্রাজিলিয়ান। আক্রমণভাগের পছন্দের তালিকায় কাই হাভার্টজ ও ভিক্টর ইয়োকেরেশ তার আগে চলে যাওয়ায় নিয়মিত খেলার সুযোগ কমে গেছে।

জেসুসকে নিয়ে বার্সেলোনার অন্যতম বড় প্রশ্ন ছিল তার চোটের ইতিহাস। ২০২৫ সালের জানুয়ারিতে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসনের পর অবশ্য এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। বার্সেলোনা তার শারীরিক অবস্থা নিয়ে খোঁজও নিয়েছে। সবকিছু পর্যালোচনা করে কাতালান ক্লাবটি এখন তাকে দলে নেওয়ার ব্যাপারে ইতিবাচক বলেই মনে হচ্ছে।

গোল করার সামর্থ্য নিয়েও জেসুসের নতুন করে কিছু প্রমাণ করার নেই। ম্যানচেস্টার সিটিতে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত পেপ গার্দিওলার অধীনে ২৩৬ ম্যাচে ৯৫ গোল করেছেন তিনি। এরপর আর্সেনালের জার্সিতে ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত ১২৩ ম্যাচে তার গোল ৩৩টি।

লেভানদোভস্কির বিদায়ের পর বার্সেলোনার আক্রমণভাগে বড় পরিবর্তন এসেছে। অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও মার্কাস রাশফোর্ডদের আগমনে উইং ও আক্রমণভাগে বিকল্প বেড়েছে। কিন্তু একজন স্বাভাবিক স্ট্রাইকারের জায়গাটা এখনও পুরোপুরি পূরণ হয়নি। সেখানেই জেসুসের অভিজ্ঞতা বার্সার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।