পিএসজির বিপক্ষে নামার আগে যেসব রেকর্ডের সামনে হালান্ড
ম্যানচেস্টার সিটির ম্যাচ যারা সরাসরি দেখার সুযোগ পান না, খেলা শেষ হলে তাদের প্রথম প্রশ্ন থাকে একটাই—‘হালান্ড কি গোল পেয়েছে?’ নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের গোল করাটা এতটাই নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে সিটির ম্যাচের খবর নিতে গেলেই এই প্রশ্ন আসাটা এখন নিয়মে পরিণত হয়েছে।
২৬ বছর বয়সী এই গোলমেশিন যেখানেই খেলেন, রেকর্ডের পাতা ওলটপালট করে দেন। চ্যাম্পিয়ন্স লিগেও এর ব্যতিক্রম ঘটেনি।
আজ রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। দুই দলের তারকাবহুল আক্রমণভাগের মাঝে আলাদাভাবে সবার নজর থাকবে আরলিং হালান্ডের ওপর। গত বছরের জানুয়ারিতেও পিএসজির বিপক্ষে গোল পেয়েছিলেন তিনি, যদিও ম্যাচটি ৪-২ ব্যবধানে হেরেছিল সিটি। আজও নিজের ছাপ রাখতে মরিয়া থাকবেন এই ফরোয়ার্ড।
আজ রাতে হালান্ডের সামনে যে রেকর্ড ও মাইলফলকগুলোর সুযোগ:
সিটির সর্বোচ্চ গোলদাতা: চ্যাম্পিয়ন্স লিগে সিটির হয়ে ৪০ ম্যাচে ৩৬ গোল করেছেন হালান্ড। আর ১টি গোল করলেই তিনি ছাড়িয়ে যাবেন সার্জিও আগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল), এবং টুর্নামেন্টে সিটির একক সর্বোচ্চ গোলদাতা হবেন।
নিস্টেলরয়ের সমতা: আজ ১টি গোল পেলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ডাচ স্ট্রাইকার রুড ফান নিস্টেলরয়ের (৬০ গোল) সমতায় পৌঁছাবেন তিনি।
সর্বকালের তালিকার ৭ নম্বরে: ২ বা তার বেশি গোল করলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় এককভাবে সাত নম্বরে উঠে আসবেন হালান্ড। তার সামনে থাকবেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডভস্কি (১০৯), করিম বেনজেমা (৯০) এবং কিলিয়ান এমবাপে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)।
সাম্প্রতিক সময়ে অবশ্য হালান্ডের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে পিএসজি। সিটির সঙ্গে শেষ তিন দেখায় দুটিতেই জিতেছে ফরাসি ক্লাবটি। তবে এই তিন ম্যাচেও ৩টি গোল তুলে নিয়েছেন হালান্ড। তাছাড়া আজকের ম্যাচটি নিজের প্রিয় প্রাঙ্গণ ইত্তিহাদ স্টেডিয়ামে, যেখানে সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে করা ৩৬ গোলের ২৩টিই (প্রায় ৬৪ শতাংশ) এসেছে তার পা থেকে।
অসংখ্য রেকর্ডের মধ্যে গত মাসেও একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে পোর্তোর বিপক্ষে সিটির ২-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন তিনি। এই জোড়া গোলে টমি জনসনকে টপকে ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি। ২০২২ সালে যোগ দেওয়ার পর থেকে ২০৬ ম্যাচে তার গোল এখন ১৭০টি। সিটির হয়ে তার সামনে আছেন ১৭৭ গোল করা এরিক ব্রুক এবং সবার ওপরে থাকা ২৬০ গোলের মালিক সার্জিও আগুয়েরো।
