ঘরের কাজেও কি এমন সক্রিয় জাপানি পুরুষরা?
বিশ্বকাপের গ্যালারি পরিষ্কার করে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন জাপানের সমর্থকেরা। ম্যাচ শেষে স্টেডিয়ামে পড়ে থাকা আবর্জনা নিজেরাই তুলে ফেলেছেন তারা, আর সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের প্রশংসায় মেতে ওঠে ফুটবল বিশ্ব। কিন্তু সেই প্রশংসার মাঝেই জাপানে শুরু হয়েছে ভিন্ন এক বিতর্ক।
ফিফাও সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানি সমর্থকদের 'নিখুঁত আচরণ'-এর প্রশংসা করেছে। নীল জার্সি পরা সমর্থকদের হাতে আবর্জনার ব্যাগ নিয়ে গ্যালারি পরিষ্কার করার ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এর মধ্যেই এক্সে (সাবেক টুইটার) করা একটি পোস্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়, স্টেডিয়াম পরিষ্কার করলেও জাপানি পুরুষেরা ঘরের কাজে বিশ্বের অন্যতম কম সময় ব্যয় করেন। পোস্টটিতে ব্যঙ্গাত্মক একটি চিত্রও ব্যবহার করা হয়। সেখানে দেখা যায়, স্টেডিয়ামে গর্বের সঙ্গে ময়লা পরিষ্কার করা এক সমর্থক বাড়ি ফিরে সোফায় আরাম করছেন, আর পাশে তার স্ত্রী বা মা বাসন ধোয়া ও কাপড় পরিষ্কারের কাজে ব্যস্ত।
পোস্টটির ভাষ্য ছিল সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ, 'বাড়িতেও এটি করুন।' এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং প্রায় ১৯ লাখ বার দেখা হয়।
জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ওইসিডি উপাত্তে দেখা গেছে, কেনাকাটা, গৃহস্থালি কাজ এবং পরিবারের সদস্যদের দেখভালের মতো অবৈতনিক কাজে জাপানি নারীরা পুরুষদের তুলনায় প্রায় সাড়ে পাঁচ গুণ বেশি সময় ব্যয় করেন।
তুলনামূলকভাবে এই ব্যবধান যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে অনেক কম। সেখানে নারীরা পুরুষদের তুলনায় যথাক্রমে ১ দশমিক ৮, ১ দশমিক ৭ এবং ১ দশমিক ৬ গুণ বেশি সময় ব্যয় করেন।
অনেকের কাছে স্টেডিয়াম পরিষ্কার করার সংস্কৃতি জাপানি সমাজের পরোপকারিতা ও সামাজিক সচেতনতার প্রতীক। তবে সমালোচকদের একটি অংশের মতে, এই আচরণের মধ্যে কিছুটা প্রদর্শনমূলক প্রবণতাও রয়েছে, বিশেষ করে যখন ঘরের ভেতরের দায়িত্ব বণ্টনের চিত্র ভিন্ন কথা বলে।
অবশ্য ভাইরাল পোস্টটি নিয়েও মতভেদ দেখা গেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'যেসব স্ত্রী স্বামীর ঘরের কাজ না করার কারণে কষ্ট পান, তাদের উচিত স্বামীদের বাড়িতেও সামুরাই ব্লুর জার্সি পরিয়ে দেওয়া।'
আবার অন্য একজন লিখেছেন, 'এভাবে সব জাপানি পুরুষকে এক কাতারে ফেলা ঠিক নয়। সবাই এমন নয়।'