ভোটের পরিবেশ ইতিবাচক ও আশাব্যঞ্জক: ইইউ পর্যবেক্ষক প্রধান

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ খুব ইতিবাচক ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস ইহাবস।

আজ রোববার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সারা দেশে বিভিন্ন এলাকায় ৯০ জন পর্যবেক্ষক পাঠানোর আগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইভারস ইহাবস বলেন, ‘আমরা প্রার্থী এবং দেশের এলাকায় সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সাধারণ পরিবেশ খুব ইতিবাচক ও আশাব্যঞ্জক। যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের অধিকাংশই জোর দিয়ে বলেছেন যে এটি বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় হতে যাচ্ছে।’

নির্বাচনের জন্য ইইউ তাদের সবচেয়ে বড় পর্যবেক্ষণ মিশন পাঠিয়েছে বাংলাদেশে। এই দলে আছেন দুই শতাধিক পর্যবেক্ষক। জানুয়ারির শুরু থেকেই অন্তত ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে কাজ করছেন। এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সাত সদস্যের একটি প্রতিনিধিদলও ঢাকায় পৌঁছেছে। তাদের মধ্যে নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার পর্যবেক্ষকেরা আছেন।

ইভারস ইহাবস বলেন, ‘আজ আমরা স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের সারা দেশে পাঠাচ্ছি। তারা মূলত ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আমরা এখানে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখার অপেক্ষায় আছি।’ 

সহিংসতার কোনো ঘটনা নজরে এসেছে কি না—এমন প্রশ্নের জবাবে ইইউর প্রধান পর্যবেক্ষক বলেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে এখনই এ নিয়ে কোনো মন্তব্য করবেন না। আগামী ১৪ ফেব্রুয়ারি দের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এ বিষয়ে বলা হবে। আর নির্বাচনের দুই মাস পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্যের প্রসঙ্গে তিনি বলেন, এটি অনেক গণতন্ত্রের জন্যই উদ্বেগের বিষয়। চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হবে।

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগের বিষয়ে ইভারস আইজাবস বলেন, তারা অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়ার ওপর জোর দিয়েছেন। নারীসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করাটা খুব জরুরি।