এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৯ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জমা পড়া ৫০টি মনোনয়নপত্রের মধ্যে ৪৯টিকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মইনুদ্দিন খান।
তিনি জানান, বৈধ ঘোষিত ৪৯ জনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মইনুদ্দিন খান বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬ জন প্রার্থীর তালিকা জমা দিয়েছিল। এর সবগুলোই বৈধ হয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে ১২টি বৈধ এবং একটি বাতিল করা হয়েছে।’
বৈধ প্রার্থীরা কবে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত বলে ঘোষিত হবেন, জবাবে রিটার্নিং কর্মকর্তা জানান, গতকাল ও আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল করা যাবে।
নির্বাচন কমিশন ২৭ ও ২৮ এপ্রিল আপিলগুলো নিষ্পত্তি করবে। এরপর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে। এই প্রক্রিয়ার পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


