রাবিতে হামলাকারীরা ভিডিওতে স্পষ্ট, তবুও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ডেপুটি রেজিস্ট্রার মনির হোসেন নগরের মতিহার থানায় মামলাটি করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অজ্ঞাতনামাদের নামে মামলা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজীউর বলেন, তদন্তে সম্পৃক্ততা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে হামলাকারীদের পরিচয় নিয়ে সংশয় না থাকা সত্ত্বেও মামলায় আসামিদের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
রাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইরফান তামিম বলেন, গণমাধ্যমে হামলাকারীদের নাম-পরিচয় এরইমধ্যে প্রকাশ পেয়েছে। ভিডিও ফুটেজও আছে। এরপরও আসামিদের নাম উল্লেখ না করা হতাশাজনক।
রাবি প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব বলেন, ‘হামলাকারীদের পরিচয় পরিষ্কার। সবার কাছে হামলার ফুটেজ আছে। সারা দেশের মানুষ তা দেখেছে। গণমাধ্যমেও তাদের নাম-পরিচয় এসেছে।’
তিনি হামলায় জড়িত সবার নাম মামলায় অন্তর্ভুক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
আহত সাংবাদিকেরা হলেন—দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর এহসান মৃদুল, আগামীর সময়ের জাহিদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফুজ্জামান কোরবান এবং সমকালের মাইনুল ইসলাম রাজু।
এদিকে হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে আজ সকালে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

