ডিসেম্বরের শুরু থেকে কম টাকায় কিডনি ডায়ালাইসিস: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

ডিসেম্বরের শুরু থেকে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা কম টাকায় ডায়ালাইসিস সেবা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুনে খুশি হবেন, আমরা এখন যে নতুন ভবনগুলো করছি, সেখানে কিডনি ডায়ালাইসিসের জন্য ১০ শয্যা ও জায়গা রাখা হচ্ছে। খুব তাড়াতাড়ি এটি উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠিত করা হবে।’

তিনি বলেন, ‘প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিসের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কারণ স্যানডোর নামে একটি কোম্পানি আমাদের এখানে একটা বাজার বসিয়েছিল আওয়ামী লীগ আমল থেকে। চট্টগ্রাম ও ঢাকায় ডায়ালাইসিসের জন্য বিশাল অঙ্কের অ্যামাউন্ট নিতো। নভেম্বরে চুক্তি শেষ হবে। আমরা ওই চুক্তি নবায়ন করব না। আমরা নিজস্ব উৎস থেকে ডায়ালাইসিস মেশিন কিনতে আদেশ দিয়েছি।’

‘ডিসেম্বরের প্রথম থেকে আমাদের ফরেন এক্সচেঞ্জ বাঁচবে। আমরা নিজেরা অনেক কম টাকায় আমাদের মানুষদের কিডনি ডায়ালাইসিস দেবো এবং ডায়ালাইসিসের জন্য আমাদের সরকার বাজেটও ট্যাক্স কমিয়েছে,’ যোগ করেন তিনি।

সাখাওয়াত আরও বলেন, সরকার খুব তাড়াতাড়ি প্রত্যেকটি উপজেলা ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করতে যাচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সব কিছু প্রস্তুত।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যার ডায়ালাইসিস বিভাগ স্থাপন করতে যাচ্ছি। আটটি বিভাগীয় স্টেশনে স্পেশালাইজড ক্যানসার ইনস্টিটিউট হচ্ছে। আগামী অক্টোবরের ভেতরে পাঁচটি শিশু হাসপাতাল এবং কিছু দিনের ভেতরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করা হবে।