হাঁসের ছানা কেন মায়ের পেছনে সারি বেঁধে সাঁতার কাটে

সম্প্রতি এক গবেষণায় এর কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা
স্টার অনলাইন ডেস্ক

হাঁসের ছানারা সাধারণত মায়ের পেছনে সারিবদ্ধভাবে সাঁতার কাটে। সম্প্রতি এক গবেষণায় এর কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, হাঁসের ছানারা মায়ের সাঁতারের ঢেউয়ের ওপর ভেসে চলে। এতে তাদের কম শক্তি ব্যয় হয়।

গত বছরের ১০ ডিসেম্বর জার্নাল অব ফ্লুইড মেকানিকসে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। সম্প্রতি ওই গবেষণার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী সায়েন্স নিউজ এক্সপ্লোরস।

সায়েন্স নিউজ এক্সপ্লোরসের প্রতিবেদন অনুযায়ী, আগের গবেষণায় দেখা গিয়েছিল, হাঁসের ছানারা সাঁতার কাটতে কম শক্তি খরচ করে। বিশেষ করে যখন তারা মায়ের পেছনে থাকে। কিন্তু কীভাবে তারা এই শক্তি বাঁচায় তা জানা যায়নি।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এই রহস্য জানতে কাজ করেন স্কটল্যান্ডের গ্লাসগোর ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইডের ঝিমিং ইউয়ান। তিনি পানিতে হাঁসের চলাচলের কম্পিউটার সিমুলেশন তৈরি করেন। সিমুলেশন হলো, কম্পিউটার ব্যবহার করে কোনোকিছুর আচরণ অনুকরণের মাধ্যমে বিশ্লেষণ করা।

ইউয়ান ও তার সহকর্মীরা হিসাব করে দেখেন, মা যেখান দিয়ে গেছে হাঁসের ছানারা ঠিক ওই জায়গা দিয়ে গেলে সহজে সাঁতার কাটতে পারে।

যখন একটি হাঁস একা পানিতে সাঁতার কাটে, তখন সে সামনে এগোতে গিয়ে পেছনে ছোট ছোট ঢেউ তৈরি করে। এই ঢেউ তৈরি করতে হাঁসের নিজের শক্তি খরচ হয়। ওই শক্তির পুরোটা যদি সামনে যাওয়ার কাজে লাগানো যেত, তাহলে হাঁস আরও সহজে ও দ্রুত এগোতে পারত। কিন্তু ঢেউ তৈরি হওয়ায় সেই শক্তির কিছু অংশ ‘নষ্ট’ হয়। এর ফলে পানির ভেতরে এক ধরনের বাধার মতো প্রভাব তৈরি হয়, যা হাঁসের গতি কমিয়ে দেয়। বিজ্ঞানীরা এই প্রভাবকেই ‘ওয়েভ ড্রাগ’ বলেন।

কিন্তু হাঁসের ছানারা মায়ের পেছনে ঠিক জায়গায় থাকলে ব্যাপারটা উল্টো হয়ে যায়। মা হাঁস যখন সাঁতার কাটে, তখন যে ঢেউ তৈরি হয়, সেটা পানিতে পেছনের দিকে ছড়িয়ে যায়। হাঁসের ছানা যদি সেই ঢেউয়ের ‘ঠিক জায়গায়’ থাকে, তাহলে ঢেউটা আর বাধা হয়ে কাজ করে না। বরং সেই ঢেউ ছানাটাকে একটু সামনে ঠেলে দেয়। ফলে তাকে কম শক্তি খরচ করতে হয় এবং সহজে দ্রুত সাঁতার কাটতে পারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এই সুবিধা নিতে হাঁসের ছানারা সারি করে সাঁতার কাটার সময় একে অপরকে সাহায্য করে। সামনে থাকা ছানা যখন সাঁতার কাটে, তখন সে পানিতে যে ঢেউ তৈরি করে, সেই ঢেউ পেছনের ছানার কাছেও পৌঁছে যায়। ফলে পেছনের ছানাটা সেই ঢেউ থেকে গতি পায় এবং সহজে এগোতে পারে। এভাবে একে অপরকে সাহায্য করার কারণে পুরো দলটাই কম শক্তি খরচ করে সামনে এগোতে পারে।

তবে এই সুবিধা পেতে হলে তাদের মায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। যদি তারা সঠিক জায়গা থেকে সরে যায় বা পিছিয়ে পড়ে, তাহলে সাঁতার কাটা কঠিন হয়ে যায়। ব্যাপারটা অনেকটা দেরি করলে শাস্তি পাওয়ার মতো!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত