কাঁটাবনে বহুতল ভবনে আগুন, নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন।

তারা হলেন—আব্দুস সালাম (২০) ও জনি (২৪)।

আজ শনিবার ভোররাত ১টার দিকে কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর ১৩ ও ১১ তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ‘ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটি ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

‘ভবনের ভেতর থেকে দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে,’ বলেন তিনি।

সূত্র জানিয়েছে, যে ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে রয়েছে আইনজীবীদের চেম্বার। আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। এরপর তাদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

পুলিশ জানায়, আব্দুস সালামের বাড়ি বগুড়ার কাহালু থানার বড় ভাহাদার গ্রামে। তার বাবার নাম সেলিম সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক তিনি। জনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও জনিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।