মহেশখালীতে চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়মহেশখালীর পূর্ব ফকিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
পিটুনিতে নিহত মোহাম্মদ ফয়সালের (২৭) মা থানায় মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ২৫-২৬ বছর বয়সী এক যুবকের হাত-পা পেছন থেকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা। তার কাঁধে কয়েকটি ইট। কয়েকজন যুবক ও কিশোর তাকে পেটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোর সন্দেহে ফয়সালকে আটক করা হয় এবং একটি খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়।
ফয়সালের বাবা বাদশা মিয়া ডেইলি স্টারকে জানান, সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে তিনি শুনতে পান তার ছেলেকে কয়েকজন ধরে পেটাচ্ছে।
তিনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন তার ছেলে মারা গেছেন।
'কেফায়াতউল্লাহর নেতৃত্বে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে,' বলেন তিনি।
ওসি আবদুস সুলতান বলেন, 'সকাল ৭টার দিকে পূর্ব ফকিরঘোনা এলাকায় ব্যবসায়ী কেফায়াতউল্লাহ মৌলভীর একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় ঢোকেন ফয়সাল। ভবনের নিচতলায় একটি ওয়ার্কশপ রয়েছে। সেখানে স্টিলের আলমারি ও ফাইল ক্যাবিনেট তৈরি করা হয়।'
'স্থানীয়রা জানিয়েছেন ফয়সালকে চোর সন্দেহে আটক করে মারধর করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন ওসি।
ওসি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফয়সালকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।
তিনি বলেন, 'নিহতের মা এজাহার দেবেন বলে জানিয়েছেন। তবে এখনো এজাহার জমা পড়েনি। মরদেহ দাফন শেষে তারা থানায় এসে মামলা করবেন।'