নম্বরহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর জেরার মুখে কারারক্ষী
কিশোরগঞ্জে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্বালানি তেল নেওয়ার সারি উপেক্ষা করে নম্বরহীন মোটরসাইকেলে তেল নেওয়ার সময় ইউএনওর কাছে হাতে-নাতে ধরা পড়েছেন এক কারারক্ষী।
আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা সদরের চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ।
আটক কারারক্ষীর নাম শিহাব আহমেদ। তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারারক্ষী শিহাব ইউনিফর্ম পরা অবস্থায় আইডি কার্ড ঝুলিয়ে নম্বরবিহীন কালো একটি মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। তখন স্টেশনটিতে তেলের জন্য অপেক্ষারত মানুষের দীর্ঘ সারি ছিল।
ক্ষমতার অপব্যবহার করে সারি ভেঙে তেল নিতে থাকেন ওই কারারক্ষী। এ সময় স্টেশনে জ্বালানি তেল বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন ইউএনও কামরুল। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে জিজ্ঞাসাবাদ করায় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন শিহাব।
ইউএনও কামরুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রশাসনিক ঘোষণা অনুযায়ী আজ থেকে জ্বালানি কার্ড (ফুয়েল কার্ড) ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। জ্বালানি কার্ড নিয়ে সকাল থেকেই ফিলিং স্টেশনে দীর্ঘ সারি। জেলায় প্রায় ছয় হাজার মোটরসাইকেল আরোহী এ পর্যন্ত জ্বালানি কার্ড সংগ্রহ করছেন।’
‘পরে ওই কারারক্ষীকে আটক করে জেল সুপারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে,’ যোগ করেন তিনি।
যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের জেল সুপার দিদারুল আলম বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে অবগত করেছেন। অভিযুক্ত কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’