হাওরে বেড়াতে গাজীপুরের ৫ আইনজীবী কিশোরগঞ্জে, দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার আইনজীবী আহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেসময় যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে পর্যটকবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান আজ শনিবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুর্ঘটনায় অটোরিকশায় থাকা গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন কাজল, আইনজীবী ইকবাল হোসেন ও আইনজীবী মহসীন রেজা সরকারসহ আরও একজন আইনজীবী গুরুতর আহত হন।’

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান।

আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে মিজানুর রহমানসহ পাঁচ আইনজীবী নিকলি হাওর এলাকায় বেড়াতে গাজীপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে হাওরাঞ্চল ঘোরার আগেই দুর্ঘটনার পড়েন তারা।

ওসি রুকনুজ্জামান আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত পিকআপ ও অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’