শীতলক্ষ্যা নদী থেকে হাত-পা কাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বাগেরহাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে হাত ও পা কাটা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে সিংহশ্রী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে।
তিনি আরও বলেন, কচুরিপানার স্তুপের মধ্যে মরদেহটি ভাসছিল। নিহত ব্যক্তির বাম হাতের কব্জি ও ডান পা কাটা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এসআই জানান, নিহত ব্যক্তির মুখে দাঁড়ি রয়েছে এবং তার বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহে পচনও ধরেছে।
তবে রোববার বিকেল ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।