সাকিব আল হাসান ফাউন্ডেশনের ত্রাণ পেল সিরাজগঞ্জের বন্যার্ত মানুষ
সিরাজগঞ্জে সদরের ছয় নং ছনগাছি ইউনিয়নের পাঁচ থাকুরী বাজার এলাকায় অসহায় বন্যার্ত মানুষের মাঝে সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার র্যাব-১২ এর সহকারী পরিচালক মো. এরশাদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মহাপরিচালকের নির্দেশক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে র্যাব ফোর্সেস এর ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের অসহায় বানভাসি মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো র্যাব-১২।’
তিনি আরও বলেন, ‘এর আগে র্যাব-১২ নিজেরা ত্রাণ বিতরণের পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য ও পেশাদারি প্রতিষ্ঠানকে এসব মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানায়। ওই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’।’
সাকিব আল হাসান ফাউন্ডেশনের অর্থায়নে আজ র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলামের তত্বাবধানে সিরাজগঞ্জ সদরের ৬নং ছনগাছি ইউনিয়নের পাঁচ থাকুরী বাজার এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও, আসন্ন ঈদকে সামনে রেখে বানভাসি অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানান তিনি।