পল্লবী থানায় বিস্ফোরণ: ৩ জন ১৪ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্লবী থানায় গতকাল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা দুটি মামলায় তিন জনকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। অভিযুক্ত তিন জন হলেন—শহিদুল ইসলাম (২৩), মোশারফ হোসেন (২৬) ও রফিকুল ইসলাম (৪০)।

তাদেরকে আজ আদালতে হাজির করার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. মইনুল ইসলাম এই আদেশ দেন। পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফারুকুজ্জামান ২০ দিনের রিমান্ড চেয়েছিলেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার একটি চক্রের সম্ভাব্য ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ সম্পর্কে জানতে পেরে কালশী এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ‘ওজন মেশিন’ সদৃশ বস্তু জব্দ করা হয়।

আজ আদালতে রিমান্ড আবেদনে মো. ফারুকুজ্জামান বলেন, আসামিদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদির সরাসরি সংশ্লিষ্টতা আছে। থানায় বিস্ফোরণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং জড়িত অন্যদের খুঁজতে তাদের রিমান্ডে রাখা দরকার।

বিদ্যমান বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতার মধ্যেই গতকাল সকালে পল্লবী থানার ভেতরে পুলিশের জব্দ করা ‘ওজন মেশিন’ বিস্ফোরণে চার পুলিশ কর্মীসহ পাঁচ জন আহত হন।

মঙ্গলবার আটককৃতদের কাছ থেকে ‘ওজন মেশিন’ সদৃশ বস্তু জব্দ করার পর পুলিশের সন্দেহ হলে, ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। সেটি পরীক্ষার পর, আরও অভিজ্ঞ দলকে দিয়ে সেটি দেখানোর পরামর্শ দিয়েছিল বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। তবে, তার আগেই গতকাল সকাল ছয়টার দিকে এটি বিস্ফোরিত হয়।