রাশিয়ার এস-৪০০: তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ভারতকে সতর্কতা
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনায় তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এস-৪০০ কেনার পর থেকেই গত এক বছর ধরে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিন আগে তুরস্কের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস -৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটোর নীতি-বিরোধী ও ইউরো-আটলান্টিক জোটের জন্য হুমকিস্বরূপ।
সোমবার তুরষ্কের উপর এ নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, তুরস্কের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ভারতসহ কয়েকটি দেশকে রাশিয়ার তৈরি অস্ত্র কেনার বিষয়েও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র তুরস্কের সর্বোচ্চ নেতৃত্বকে একাধিকবার জানিয়েছে, তারা যদি এস ৪০০ সিস্টেম কেনেন, তাহলে মার্কিন সামরিক প্রযুক্তি ও কর্মকর্তাদের নিরাপত্তার ক্ষেত্রে চিন্তার কারণ হবে। তুরস্কের প্রতিরক্ষা বাহিনীতে ও প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে রাশিয়া ঢুকে যাবে। রাশিয়ার প্রতিরক্ষা ক্ষেত্রের হাতে প্রচুর অর্থ চলে আসবে। এ সবই অমেরিকার চিন্তার কারণ।’
পম্পেও আরও বলেন, ‘তুরস্কের সামনে বিকল্প ব্যবস্থাও ছিল। ন্যাটোর সদস্য দেশগুলি সেই সিস্টেমই ব্যবহার করে। তবুও তুরস্ক এস -৪০০ সংগ্রহ ও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
তুরস্ক যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধু দেশ ও আঞ্চলিক নিরাপত্তার অংশীদার বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, যুক্তরাষ্ট্র চায়, তুরস্কের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় থাকুক, সামরিক সহযোগিতা বজায় থাকুক। কিন্তু সেটা করতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এস- ৪০০-র বাধা দূর করতে হবে।
সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার তিন সহকর্মীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে।