তিন ড্রয়ের দিনে ব্যাট হাতে উজ্জ্বল আকবর
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের চতুর্থ দিনে গড়ানো তিনটি ম্যাচই মঙ্গলবার ড্রয়ে শেষ হয়েছে। ময়মনসিংহের ব্যাটার মাহফিজুল ইসলামের সেঞ্চুরি এবং রংপুরের অধিনায়ক আকবর আলীর ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস ছিল শেষ দিনের মূল আকর্ষণ। এর আগে গতকাল সোমবার বরিশালকে ইনিংস ও ১৩৫ রানে হারিয়ে প্রথম রাউন্ডে একমাত্র জয়ের মুখ দেখেছিল খুলনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ব্যক্তিগত ৮৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মাহফিজুল। ১৯৭ বলে ১১ চারে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এরপর আব্দুল মজিদের ১৫৫ বলে ৮৭ ও আরিফুল ইসলামের ১২৯ বলে ৭২ রানে ভর করে স্বাগতিকদের বিপক্ষে ৩৫৬ রানের লিড নেয় ময়মনসিংহ।
বিকালে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ৩৭২ রান তোলে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে সিলেটের হয়ে ১১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন স্পিনার নাঈম আহমেদ। এর আগে প্রথম ইনিংসে ময়মনসিংহের ৩১১ রানের জবাবে সিলেট করেছিল ৩২৭ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অন্য ম্যাচে দ্বিতীয় ইনিংসে বেশ বিপদে পড়েছিল রংপুর। আগের দিন শেষ বিকেলে কোনো রান না তুলে ৩ উইকেট হারানো দলটি চতুর্থ দিনে আলোকস্বল্পতা ও বৃষ্টির বাধার মুখোমুখি হয়। এক পর্যায়ে, ৪৮ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ ধুঁকতে থাকা রংপুরকে ম্যাচে ফেরান অধিনায়ক আকবর।
৬ চার ও ১ ছক্কায় তার ১৩২ বলে ৬৪ রানের লড়াইয়ে ভর করে শেষ পর্যন্ত ১৪৯ রানে অলআউট হয় রংপুর। ফলে ঢাকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৬ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে তারা ৯ রান তোলার পর দুই দলের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। এর আগে প্রথম ইনিংসে রংপুর ৩৪০ রান করার পর ঢাকা থেমেছিল ২৮৪ রানে।
আরেক ম্যাচে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রাজশাহী ও চট্টগ্রাম ছিল পরস্পরের প্রতিপক্ষ। দ্বিতীয় ইনিংসে সাব্বির রহমানের ১১২ বলের ৫২ রানের সুবাদে ৮ উইকেটে ২২৪ রান তোলে রাজশাহী। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। এর আগে রাজশাহী ৩৬৪ রান তোলার পর স্বাগতিকরা করেছিল ৩৯৩ রান।